ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক এ. এস. এম. হাবিবুল্লাহ (খোকা মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকার বাসিন্দা এবং প্রয়াত খান সাহেব এম. আব্দুল্লাহর জ্যেষ্ঠ পুত্র।
এ. এস. এম. হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)সহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি জাতীয় প্রেসক্লাব ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে সাংবাদিক সমাজে বিশেষ অবদান রাখেন।
সাংবাদিকতায় তার নিষ্ঠা, পেশাদারিত্ব ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাকে আলাদা মর্যাদায় আসীন করেছিল। স্থানীয় সাংবাদিক মহলে তিনি একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ময়মনসিংহের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজে জানাজা শনিবার এশার নামাজের পর সানকিপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।