ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ ও ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে সামনে রেখে, বেলুন ও পায়রা উড়িয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে, রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
এসময় জাতীয় সঙ্গীতের সঙ্গে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা উত্তোলন করা হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার চারটি উপজেলা ও চারটি পৌরসভায় ৮ টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলে অতিথি খেলোয়াড় হিসেবে বিদেশি ফুটবলার খেলার সুযোগ রাখা হয়েছে। উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা বনাম দর্শনা পৌরসভা দল মুখোমুখি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ। আমরা আশা করি, এ আয়োজন চুয়াডাঙ্গা ক্রীড়া চেতনার নবজাগরণ ঘটাবে এবং তরুণদের সম্ভাবনা বিকাশে সহায়ক হবে। খেলাধুলা শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে তোলে। পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের মাধ্যমে তরুণদের মানবসম্পদে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য।
মন্ত্রী আরও বলেন, খেলাধুলা মানুষকে আনন্দ দেয় এবং যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে। তাই চুয়াডাঙ্গাকে আরও বেশি খেলাধুলার আয়োজন করা হবে এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। মাদকবিরোধী অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চান। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। দেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী -৫ আসনের সংসদ সদস্য নেওয়া হালিমা আরলী। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান। জেলা সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহমেদ, এ ছাড়া জেলার চার উপজেলা নির্বাহী অফিসার। অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি। চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুন্নবী রিয়ানসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে স্টেডিয়াম মুখর হয়ে ওঠে।