বাংলাদেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরন।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।

শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে দেশে থাকা পুরোনো গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়।

সাক্ষাতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।