বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসনামলের ১৭ বছর দেশের মানুষ একটি ‘অন্ধকার যুগ’ বহন করেছে। তাঁর দাবি, ওই সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বহু নেতাকর্মী নিহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ হারুনুর রশিদের পরিবারের জন্য নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “শেখ হাসিনার ১৭টি বছর দেশের মানুষ অন্ধকার যুগ বহন করেছিল। তাঁর শাসনামলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তাঁর লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফেনীর হারুনুর রশিদের মতো হাজার হাজার বিএনপি নেতাকর্মী শহীদ হয়েছেন।”
তিনি আরও বলেন, “খালে, বিলে, নদীর ধারে মানুষের লাশ পাওয়া যেত। তারেক রহমানের পক্ষ থেকে আজ হারুনের পরিবারকে ঘর উপহার দিতে এসেছি। আরও যারা শহীদ হয়েছেন, আপনারা সবাই তাঁদের পরিবারের পাশে থাকবেন। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, সেই গণতন্ত্রের পতাকা বহন করছেন তারেক রহমান।”
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ হারুনুর রশিদের স্ত্রী ও সন্তানদের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেন রিজভী।
এ উপলক্ষে ফেনী জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ ফরহাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্মরণসভার আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা সংসদ সদস্য আশরাফ উদ্দিন মুকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, কৃষিবিদ মোকসুদুল মোমিন মিথুন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকার ও জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনসহ স্থানীয় নেতারা।
পরে রিজভী শহীদ হারুনুর রশিদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর কবর জিয়ারত করেন। এরপর ফিতা কেটে নবনির্মিত ঘরটির উদ্বোধন করা হয়।