সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ১৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।

রোববার (১৩ সেপ্টেম্বর) র‍্যাব-৯-এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল তাহিরপুর থানাধীন বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তিনটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বস্তাগুলো তল্লাশি করে ১৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা মদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।