ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের চেষ্টা করা ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি এলাকার রেলক্রসিং সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মো. অন্তর (২২) ও মো. ইয়াছিন (২০)। একই এলাকার মো. মারুফ (২২) এ ঘটনায় পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইকচালক আঠারবাড়ী অটোস্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এ সময় ওই তিনজন ১০০ টাকায় ইজিবাইকটি রিজার্ভ করে সোহাগী যাওয়ার কথা বলেন। পথে বৈরাটি রেলক্রসিং এলাকায় পৌঁছালে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকের গলায় চাকু ঠেকিয়ে গাড়ি থামানো হয়।

একপর্যায়ে চালকের বাম হাতে চাকু দিয়ে আঘাত করে তাঁকে রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করেন তাঁরা। চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখানে আটকা পড়েন।

এদিকে, খবর পেয়ে টহলরত ঈশ্বরগঞ্জ থানার এসআই ওয়াজেদ ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করেন। পরে তাঁদের কাছ থেকে ইজিবাইক ও একটি চাকু উদ্ধার করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা মো. মারুফ পালিয়ে যান।

ছুরিকাঘাতে আহত ইজিবাইকচালককে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন। আটক দুজনও গণপিটুনিতে আহত হওয়ায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।