দেশ পুনর্গঠনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা থাকলে দেশের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ যে পরিবর্তনের সক্ষমতা দেখিয়েছে, তা বিশ্ববাসী দেখেছে। এবার সেই তরুণদের দেশ পুনর্গঠনে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। শতভাগ সফলতা সম্ভব না হলেও সম্মিলিত উদ্যোগে বড় ধরনের অগ্রগতি অর্জন করা সম্ভব।

ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার করার আহ্বান জানান। তাঁর লক্ষ্য—‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলা।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এ কার্যক্রম পরিচালিত হবে। মহানগরে সিটি করপোরেশন, জেলায় জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা অভিযান সমন্বয় করবেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বক্তব্য দেন।