গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি বাড়িও পুড়ে গেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত দুটি স্থানীয় স্কুল ও আশপাশের বসতিতে ছড়িয়ে পড়ে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
জাতিসংঘ পরিচালিত রেডিও ওকাপির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির পাশাপাশি পাশের একটি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়।
এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
আগুন ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। স্কুল থেকে বের হওয়ার সময় অনেকে হুড়োহুড়ি করলে পদদলনের ঘটনাও ঘটে।
স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে এএফপিকে বলেন, পদদলনের ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শ্বাসকষ্টে আক্রান্ত কয়েকজন শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ কিভু প্রদেশের উপগভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে রয়টার্সকে জানান, দুটি স্কুলের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘর আগুনে পুড়ে গেছে।
লরেন্স কানিউকার তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২১ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। গুরুতর আহত ১৭ জনকে কাদুতু জেনারেল হাসপাতালে এবং চারজনকে বুকাভু প্রভিন্সিয়াল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় রাজধানী কিনশাসাভিত্তিক কেন্দ্রীয় সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছে। তবে বিবৃতিতে হতাহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।
দেশটির জাতীয় শিক্ষা ও নতুন নাগরিকত্ব মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি মূল্যায়ন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানস্থলে আগুন লাগার পর সৃষ্ট পদদলনের ঘটনায়ও কয়েকজন নিহত হন। পরপর দুটি দুর্ঘটনার পর জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদারে দেশজুড়ে বিশেষ দল মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।
