আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে আগামী চার বছরের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
অধ্যাপক ড. রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারীজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসাবে কর্মরত রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর প্রকাশিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মো. মকছেদ আলী সরদার ও মাতা খোদেজা বেগম। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, শিক্ষা জীবনে কৃতিত্বের অধিকারী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে ১৯৮৭ সালে বি.এসসি. ইন ফিশারীজ (অনার্স) এবং ১৯৮৮ সালে এম.এসসি. ইন ফিশারীজ বায়োলজি অ্যান্ড লিমনোলজি ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন। ১৯৯৫ সালে স্নাতক শ্রেণীতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জনের জন্য তিনি ‘ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড’ লাভ করেন। তিনি ১৯৯৮ সালে যুক্তরাজ্যের স্টার্লিং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০০ সালে জাপানের এসটিএ ফেলোশিপের আওতায় এবং ২০১২ সালে জার্মানির ডাড ফেলোশিপের আওতায় পোস্ট-ডক্টরেট গবেষণা সম্পন্ন করেন।
অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার ১৯৯১ সালে বাকৃবিতে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৪ সনে সহকারী প্রফেসর, ২০০০ সনে সহযোগী প্রফেসর এবং ২০০৫ সালে তিনি প্রফেসর পদে উন্নীত হন। পেশাগত জীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন, ডিন কাউন্সিলের আহ্বায়ক, ফিশারীজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রধান, ফিশ মিউজিয়াম অ্যান্ড জার্মপ্লাজম সেন্টারের পরিচালক এবং ফজলুল হক হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেকশন কমিটির বিশেষজ্ঞ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কাজের পাশাপাশি বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনও করছেন।
অধ্যাপক রফিকুল ইসলামের গবেষণা কৃতিত্ব সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণা ক্ষেত্রে মৎস্য প্রজনন, মলিকুলার জেনেটিক্স এবং বায়োটেকনোলজি বিষয়ে তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তাঁর তত্ত্বাবধানে ৩৫ জনেরও বেশি স্নাতকোত্তর এবং ৮ জন পিএইচডি শিক্ষার্থী গবেষণা কাজ সম্পন্ন করেছেন। তিনি মাঠ পর্যায়ে ব্যবহার উপযোগী ৪টি মৎস্য প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অর্থায়নকারী সংস্থার ২১টি গবেষণার প্রধান গবেষক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
নবনিযুক্ত উপাচার্যের বর্নাঢ্য কর্মজীবন সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি একাধারে এশিয়ান ফিশারিজ সোসাইটি, ফিশারিজ সোসাইটি অব বাংলাদেশ, দ্য প্রগ্রেসিভ এগ্রিকালচারিস্টস, বাংলাদেশ জার্নাল অব অ্যাকোয়াকালচার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর বায়োাটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়াারিংয়, বায়োডাইভারসিটি রিসার্চ গ্রুপ অব বাংলাদেশ, বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট, ফিশারিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অভ বাংলাদেশ ইউট্যাবের সদস্য। কর্মসূত্রে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, ডেনমার্ক, ইতালি, কানাডা, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন, জার্মানি, কিরগিজস্তান, যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ সফর করেছেন এবং আন্তর্জাতিক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
একজন নিবেদিত প্রাণ শিক্ষাবিদ প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি। এছাড়াও তিনি ২০১৫ সালে নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ২০১৩ সালে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত হয়েছিলেন।