সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সুনামগঞ্জের সময়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেক কেটে, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে দিবসটি জাকজমক ভাবে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরে নূর আলী, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমেদ, সদর থানার ওসি রতন শেখ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক লিলু মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, স্থানীয় পর্যায়ে নিয়মিত একটি দৈনিক পত্রিকা প্রকাশ ও টিকিয়ে রাখা অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। নানা চড়াই-উৎরাই পার করে আজ দৈনিক সুনামগঞ্জ সময় এক দশক পূর্ণ করেছে। আমি পত্রিকাটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

সংবাদপত্রের ভূমিকা তুলে ধরে তিনি আরো বলেন, পত্রিকার মাধ্যমে আমরা এলাকার নানা মৌলিক সমস্যা জানতে পারি।অনুসন্ধানী সংবাদের মাধ্যমে সমাধানের পথও নির্দেশ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের স্বাধীনতাসংগ্রামীসহ (জুলাই যোদ্ধা) জেলার চারজন বিশিষ্ট ব্যক্তির হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।