সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অভিযান চালিয়ে ৩৮ পিস ইয়াবাসহ ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের মাদক কারবারি সাজ্জাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ও ধর্মপাশা উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাকের হোসেন সাগর (৩৫), তার ভাই সাজ্জাদ হোসেন (৩৪) এবং একই উপজেলার শরিশাম গ্রামের মদিন আলীর ছেলে মো. রানা মিয়া (৩৫)।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বীর উত্তর গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। পরে শুক্রবার গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ওই বাড়ি থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধর্মপাশা থানায় একটি মামলা করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।