বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিনিয়র-জুনিয়র প্রীতি ফুটবল ম্যাচ। হলের ৬৪ ও ৬৫তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং ক্রীড়াচর্চা উৎসাহিত করার লক্ষ্যে হলের মাঠে ওই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। হলের মাঠে ওই খেলায় ১-০ তে জয় লাভ করে ৬৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ এবং হলের আবাসিক শিক্ষার্থীরা।

ম্যাচে হলের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দুটি দল মুখোমুখি হয়। শুরু থেকেই দু’দলের খেলোয়াড়দের চমৎকার ফুটবল নৈপুণ্য ও হাড্ডাহাড্ডি লড়াই উপস্থিত দর্শকদের অভিভূত করে। মাঠে খেলোয়াড়দের গতিশীল ফুটবল এবং গ্যালারিতে হলের আবাসিক শিক্ষার্থীদের প্রাণবন্ত করতালি ও উল্লাসে পুরো মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সুসম্পর্ক দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রীতি ম্যাচ সিনিয়র ও জুনিয়রদের মধ্যকার ভ্রাতৃত্ববোধ ও হলের সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে আরও সুসংহত করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।