জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিল ও বন্ধের দাবিতে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) নান্দিনা রেলস্টেশন ও ছেড়ামাকেট এলাকায় ‘ছাত্র জনতার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রাজীব বাসকে ঘিরে কথিত সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান। এ সময় তারা ‘অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ নয়’ এবং ‘সিন্ডিকেট চলতে দেওয়া হবে না, সিন্ডিকেট ভেঙে দিতে হবে’—এমন স্লোগান দেন।
মানববন্ধন শেষে আয়োজকদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নান্দিনার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, রাজীব বাসের রুট পারমিট বাতিলসহ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তারা কোনো ধরনের অনিয়ম বা কথিত সিন্ডিকেট মেনে নেওয়া হবে না বলেও ঘোষণা দেন।
আয়োজকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি অব্যাহত রাখবেন।