দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে দুজন করে চারজন এবং বরিশাল বিভাগে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে—১৯০ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, ঢাকা বিভাগে ১৭১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪, বরিশালে ১১০, রাজশাহীতে ৯১, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৩২ এবং সিলেটে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় মারা গেছেন ৫৪ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহে ১২ জন, বরিশালে ১০ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ৪ জন এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।