নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ১০ লাখ মার্কিন ডলার জরুরি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।

Advertisement

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ দুর্যোগে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নেপালি কর্তৃপক্ষের বুধবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩ হাজার ৯১৬ জন।

এদিকে নেপাল-তিব্বত সীমান্তের চীনা অংশেও দুর্যোগের ব্যাপক প্রভাব পড়েছে। সেখানে অন্তত ১৬ জন নিহত এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

বাংলাদেশের এই জরুরি সহায়তা নেপালের দুর্গত এলাকায় ত্রাণ, উদ্ধার ও মানবিক কার্যক্রমে ব্যবহারের সুযোগ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।