‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

প্রবল বর্ষণ উপেক্ষা করে কর্মসূচিতে গফরগাঁও উপজেলা, দক্ষিণ গফরগাঁও ও পৌর এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সকাল ৬টায় গফরগাঁও উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে গফরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো. ইসাহাক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখলাকুর রহমান নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনছার উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সরদার মো. খুররম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক ইমন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুক্তার হোসেন এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল আলম পাপ্পুসহ স্থানীয় নেতারা।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনীতিতে দলের ভূমিকা, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেতাকর্মীদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূলের নেতাকর্মীদের নতুনভাবে সংগঠিত হওয়ার সুযোগ। জনগণের প্রত্যাশা ও অধিকারকে গুরুত্ব দিয়ে দলীয় কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপজেলা, দক্ষিণ গফরগাঁও ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গফরগাঁও উপজেলা, দক্ষিণ গফরগাঁও উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়।

এ ছাড়া বুধবার (২ সেপ্টেম্বর) মৎস্য পোনা অবমুক্তকরণ এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।