বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার মদনে দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মদন উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমদ সেকুল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বিএনপির আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ কাদীর, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমদ সেকুল, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম লালু, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমন।

এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।