বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে র্যালিটি শেষ হয়।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু। সমাবেশে বক্তব্য দেন ভালুকা আসনের সংসদ সদস্য ফকরুদ্দীন বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহীদুল্লাহ আমিন খসরু এবং দক্ষিণ জেলা বিএনপির নেতা আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
বর্ণাঢ্য র্যালিতে ময়মনসিংহ দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।
এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগেও পৃথক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।