বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ধোবাউড়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, “বিএনপির ৪৮ বছরের ইতিহাস স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মহাকাব্য।”
প্রিন্স বলেন, জনকল্যাণই বিএনপির লক্ষ্য এবং জনগণই বিএনপির ক্ষমতার উৎস। দেশি-বিদেশি বিভিন্ন শক্তি বিএনপিকে দুর্বল করার চেষ্টা করলেও জনগণের সমর্থন ও ভালোবাসায় দলটি শক্তিশালী হয়েছে বলে দাবি করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার অনুপ্রেরণা এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বিএনপির রাজনীতির অন্যতম লক্ষ্য।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নয়, সাধারণ মানুষের আয়-রোজগার বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনমানের উন্নয়নেও সরকার কাজ করছে। দেশের বর্তমান অর্থনৈতিক ও প্রশাসনিক সংকটের জন্য তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডকে দায়ী করেন।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রসঙ্গে প্রিন্স বলেন, বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি এ খাতে বিগত সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে সংকট তৈরি হয়েছে বলে তারা মনে করেন। বর্তমান সরকার সমস্যা আড়াল না করে সমাধানের চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, জ্বালানি সংকটের মধ্যে এ ধরনের কর্মসূচি জনদুর্ভোগ আরও বাড়াতে পারে। তিনি বিরোধী দলকে কর্মসূচি পুনর্বিবেচনার আহ্বান জানান।
সার নিয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে সার বিক্রি, মজুতদারি কিংবা প্রকৃত কৃষকদের বঞ্চিত করার কোনো সুযোগ দেওয়া যাবে না। সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি হলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্যসচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াহেদ তালুকদার, হুমায়ূন কবির, মাহবুবুল আলম বাবুল, আব্দুল মোমিন শাহিনসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।