দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। পাশাপাশি নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ৭২ জনের।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে উপসর্গ ও নিশ্চিত হাম—দুই হিসাবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৭২ জনসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।

নতুন আক্রান্ত ও মৃত্যুর ধারাবাহিকতা অব্যাহত থাকায় শিশুদের মধ্যে হামের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে বিপুলসংখ্যক রোগীর চিকিৎসা নেওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর জনস্বাস্থ্য পদক্ষেপের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠছে।