বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহও জানিয়েছেন তিনি।

সোমবার হোয়াইট হাউজ থেকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশটির জনগণের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান তিনি।

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের প্রশংসা করে ট্রাম্প বলেন, বিষয়টি তিনি সবসময় মনে রাখবেন। একই সঙ্গে বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

চিঠির শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।