জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য আত্মমর্যাদাশীল জাতি গঠনের পাশাপাশি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীরা আত্মত্যাগ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপি একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দেওয়াই দলের লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহসভাপতি এ কে এম শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতি, সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ নেতারা।
বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণের রাজনীতিতে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।