বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে গিয়ে দুই নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হন এবং দলীয় স্লোগানে মুখর করে তোলেন এলাকা।

এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শন অনুসরণ করে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল, শোভাযাত্রা ও অন্যান্য কর্মসূচি পালন করছে দলটি।