জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ৩৫ বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযানে ১০৯ বোতল ভারতীয় মদ ও ১৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে বিজিবি।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে সীমান্তের পাথরের চর ও খেওয়ার চর বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির সদস্যরা ১০৭৮ নম্বর সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় অভিযান চালান। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই বিওপির সদস্যরা পৃথক অভিযানে ২৩ বোতল ভারতীয় মদ ও ১০টি ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া নামে একজনকে আটক করেন।
অপরদিকে, খেওয়ার চর বিওপির সদস্যরা সীমান্তবর্তী ড্রাম ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে চারটি ইয়াবা ট্যাবলেটসহ আলামিন ও লিমন মিয়া নামে আরও দুজনকে আটক করেন।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মদ ও ইয়াবার ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে।