সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও আর্থিক সুবিধা পুনর্নির্ধারণ করে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন বাড়ানো হয়েছে।
এতে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা, আর সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ এবং সংশ্লিষ্ট যৌথবাহিনী নির্দেশাবলি ২০২৬ অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
নতুন স্কেল প্রণয়নে জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সংশ্লিষ্ট বেতন কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, সরকারি কর্মচারীদের জীবনমান, দেশের অর্থনৈতিক সক্ষমতা ও সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।
নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাতও কমানো হয়েছে। বর্তমানের ১:৯.৯৪ থেকে তা কমিয়ে ১:৭.৮ করা হয়েছে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে।
তিন ধাপে বাস্তবায়ন
পুরো বেতনস্কেল একবারে কার্যকর না করে অর্থনৈতিক সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে। তবে বিভিন্ন ভাতা ২০২৮ সালের জানুয়ারি থেকে একযোগে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে।
কম আয়ের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা নতুন কাঠামো বাস্তবায়নে অগ্রাধিকার পাবেন।
সরকারের হিসাবে, নতুন বেতনস্কেলের আওতায় প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী এবং প্রায় ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। এতে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৭ হাজার ৫৮০ কোটি টাকা।
বাড়ছে পেনশন
নতুন কাঠামোয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনেও পরিবর্তন আনা হয়েছে। ‘এক গ্রেড এক পেনশন’ বা OROP ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি থাকলেও বিপুল অর্থের প্রয়োজন বিবেচনায় আপাতত স্ল্যাবভিত্তিক নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায়—
৯ হাজার টাকা বা তদূর্ধ্ব নিট পেনশনে ১০০% বৃদ্ধি
৯ হাজার থেকে ২০ হাজার টাকায় ৭৫% বৃদ্ধি
২০ হাজার থেকে ৩০ হাজার টাকায় ৬৫% বৃদ্ধি
৩০ হাজার থেকে ৪০ হাজার টাকায় ৬০% বৃদ্ধি
৪০ হাজার টাকা বা তার বেশি নিট পেনশনে ৫৫% বৃদ্ধি
ফলে তুলনামূলক কম পেনশন পাওয়া প্রবীণ অবসরপ্রাপ্তরা বেশি হারে সুবিধা পাবেন।
সব গ্রেডে মোবাইল ভাতা
নতুন বেতনস্কেলে প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতা চালুর সিদ্ধান্ত হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন প্রতি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে।
এ ছাড়া মোবাইল ও ডিজিটাল যোগাযোগ ব্যয়ের জন্য মোবাইল ভাতার আওতা বাড়ানো হয়েছে। আগে যেখানে শুধু পঞ্চম গ্রেডের কর্মচারীরা এ সুবিধা পেতেন, নতুন কাঠামোয় সব গ্রেডের সরকারি কর্মচারী মোবাইল ভাতা পাবেন।
সরকারের প্রত্যাশা, নতুন বেতন কাঠামো সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কর্মোদ্যম বাড়ানোর পাশাপাশি আরও দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে ভূমিকা রাখবে। ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি সরকারের ওপর তাৎক্ষণিক আর্থিক চাপও নিয়ন্ত্রণে রাখা হবে।