বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ময়মনসিংহের ধোবাউড়ায় বর্ণিল আয়োজনে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবন, সাহিত্যকর্ম, সাম্য, প্রেম ও মানবতার দর্শন এবং তাঁর অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একাডেমিক সুপারভাইজার নুরুল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমান, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, এনসিপির সমন্বয়কারী আতিকুর রহমান এবং ধোবাউড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান ভূঁইয়া।

বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন; তিনি শোষিত-বঞ্চিত মানুষের অধিকার, সাম্য, স্বাধীনতা ও মানবতার কবি। তাঁর সাহিত্য ও জীবনাদর্শ অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।

আলোচনা সভা শেষে নজরুলের কবিতা, গান ও অন্যান্য পরিবেশনা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।