নাটোরের গুরুদাসপুরে কাভার্ড ভ্যান ও মরদেহবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য চারজনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে একটি মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তালবাড়িয়া এলাকায় পৌঁছালে যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর অ্যাম্বুলেন্সটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সের চালকসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে।

পরে আহতদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চারজনকে ভর্তি করা হয়। গুরুতর আহত আরও চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করেছে হাইওয়ে পুলিশ। তবে দুর্ঘটনার পর এর চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।