সুনামগঞ্জের শান্তিগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (৩১ আগস্ট) ভোর ৩টা ৪০ মিনিটের দিকে শান্তিগঞ্জ উপজেলায় বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, টাস্কফোর্সের বিশেষ আভিযানিক দল সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে। এ সময় ভ্যানটির ভেতর থেকে ভারতীয় বিভিন্ন ধরনের ২ হাজার ৬৮৪ পিস শাড়ি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাভার্ড ভ্যানটির কোনো মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
বিজিবির ভাষ্য, জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যানের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা। পণ্যগুলো চোরাই পথে দেশে প্রবেশ করিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক বিজিডিও-৩২৩ মো. সেলিম রানাসহ বিজিবির ১০ সদস্য অংশ নেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় পণ্য দেশে প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতি রোধেও অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা ভারতীয় শাড়িগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।