জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদসংলগ্ন একটি মার্কেটে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দক্ষিণ বাজার বড় মসজিদসংলগ্ন মার্কেটের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে অংশ নেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে জমজম হোটেল, রিপন মোদকের মুদি দোকানসহ মোট ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। আগুনে দোকানের মালামাল ও আসবাবসহ বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করা হবে।”