সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জামালপুরের ইসলামপুর বাজারে তিন ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ আগস্ট) রাত ৮টার পর ইসলামপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জোবায়ের অভিযানে নেতৃত্ব দেন।

প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর মার্কেট, দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা। তবে নির্ধারিত সময়ের পরও কয়েকটি প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা পরিচালনা করছিল। এ খবর পেয়ে বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে আশরাফ স্টোর, বিশাল বস্ত্রালয় ও একটি ক্রোকারিজ দোকানের ব্যবসায়ীদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাঁদের কাছ থেকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।

প্রশাসন জানিয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময়সূচি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।