আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি জানায়, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদেরও চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন হালনাগাদে মোট ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার জন।

চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার জন।

ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬-এর মাধ্যমে দাবি, ফরম-৭-এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮-এর মাধ্যমে সংশোধনের আবেদন নেওয়া হয়। ইসির নির্ধারিত সময় অনুযায়ী, গত ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হয়। পরে ২৭ আগস্টের মধ্যে আবেদন নিষ্পত্তি এবং ২৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এরপর সোমবার হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

ইসি জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ধাপে ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে অনুষ্ঠিত হতে পারে।