বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের ধোবাউড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিয়ে বিজ্ঞানচর্চার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা হয়েছে।
শনিবার সকালে ধোবাউড়া উপজেলা পর্যায়ে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মেধা যাচাইয়ের জন্য ‘ক’ গ্রুপে অষ্টম থেকে দশম শ্রেণির ৭৬ জন এবং ‘খ’ গ্রুপে একাদশ ও দ্বাদশ শ্রেণির ১১ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, মানসিক দক্ষতা এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে এক ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের মেধা, জ্ঞান ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার পরামর্শ দেন।
পুরস্কার বিতরণ শেষে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন ইউএনও মোশারফ হোসাইন। নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের সচেতনতা তৈরিই ছিল এ উদ্যোগের উদ্দেশ্য।
গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। আয়োজকদের মতে, বিজ্ঞান ও পরিবেশ—দুটি ক্ষেত্রেই শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারিহা ইয়াসমিন, একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দুই গ্রুপ থেকে নির্বাচিত ১০ জন শিক্ষার্থী পরবর্তী সময়ে জেলা পর্যায়ের ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।