জামালপুর শহরের একটি ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে ইশরাত জাহান রিমা (প্রায় ২৪) নামে এক অনার্সপড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের দক্ষিণ কাচারিপাড়া স্বপ্নপুরী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইশরাত জাহান রিমা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পণ্ডিতপাড়া এলাকার রশিদুল্লাহ মণ্ডলের মেয়ে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে রিমার ভাড়া নেওয়া কক্ষটি বাইরে থেকে বন্ধ ছিল। একপর্যায়ে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিমার মরদেহ উদ্ধার করা হয়।

রিমার পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে তাঁর একটি বিয়ে হয়েছিল। ওই সংসারে তাঁর একটি ছেলে সন্তান রয়েছে। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয় এবং সন্তানটি বর্তমানে তাঁর প্রথম স্বামীর কাছে রয়েছে।

স্বজনদের দাবি, ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকার জেবু তালুকদারের ছেলে শুভর সঙ্গে গোপনে বিয়ে করেন রিমা। বিষয়টি জানাজানি হওয়ার পর শুভর পরিবারের সদস্যরা ওই বিয়ে মেনে নেননি বলে অভিযোগ তাঁদের।

পরিবারের সদস্যরা আরও জানান, পরে শুভকে অন্যত্র বিয়ে দেওয়া হলেও রিমার সঙ্গে তাঁর যোগাযোগ ও একসঙ্গে বসবাস অব্যাহত ছিল। একপর্যায়ে শুভকে কম্বোডিয়ায় পাঠানো হলেও ভিসা-সংক্রান্ত জটিলতায় তিনি দেশে ফিরে আসেন। দেশে ফেরার পরও রিমার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে স্বজনদের দাবি। গত সপ্তাহেও তাঁরা একসঙ্গে ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।

স্বজনদের ভাষ্য, গত কয়েক দিন ধরে রিমার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে শুক্রবার রাতে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা।

রিমার পরিবারের অভিযোগ, সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য শুভর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়ে থাকতে পারে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রিমা আত্মহত্যা করে থাকতে পারেন বলে তাঁদের ধারণা। তবে এটি তাঁদের ধারণা ও অভিযোগ; মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।

বাড়ির মালিক মোবারক হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন বলেন, প্রায় চার মাস আগে রিমা বাসাটি ভাড়া নিয়েছিলেন। তিনি আশেক মাহমুদ কলেজে ইংরেজি বিষয়ে পড়াশোনা করতেন। তাঁর স্বামীর নাম শুভ বলে তিনি জানান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নাজমুল জান্নাত শাহ বলেন, শুক্রবার রাতে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দক্ষিণ কাচারিপাড়া স্বপ্নপুরী আবাসিক এলাকায় যায় পুলিশ। একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় ছিল এবং সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইশরাত জাহান রিমার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।