ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি অভিযানে ১৯৮ বোতল এসকাফ সিরাপ ও ২০ কেজি গাঁজাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে জেলার কসবা উপজেলার তিনলাখ পীর ও সরাইল উপজেলার চুন্টানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো র্যাব-৯-এর সিলেট কার্যালয়ের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখ পীর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় একটি অটোরিকশা আটক করে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে অটোরিকশায় থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কসবা উপজেলার কামালপুর এলাকার মো. সজীব সরকার (২৭), মো. ইউসুফ মিয়া (২৫), মো. ওমর প্রকাশ সজীব খান (২০), মো. আল আমিন প্রকাশ রানা সরকার (২২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধ্রুব পাল (৫৬)।
অপর অভিযানে একই রাতে সরাইল উপজেলার সরাইল-অরুয়াইল সড়কের চুন্টানগর এলাকায় একটি অটোরিকশা আটক করে র্যাব। পরে সেটিতে তল্লাশি চালিয়ে ১৯৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মো. রতন মিয়া (৫৫), মো. ফরিদ মিয়া (৪০), কুলিয়ারচর উপজেলার সেলিনা আক্তার (৫০) ও লাকি আক্তার (৩১)।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা অটোরিকশাসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কসবা ও সরাইল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।