বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রমের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জ্বালানি, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে সরকার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বাড়ানো জরুরি। এ লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় সফর করছে এনসিপি। প্রত্যেক ইউনিয়নে সাংগঠনিক কমিটি গঠনের পাশাপাশি স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘এনসিপি থেকে প্রাথমিকভাবে একজন করে প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বড় রাজনৈতিক দল হিসেবে এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির একটি ধাপ সম্পন্ন হবে।’
বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, সংসদে বিরোধী দলকে যথাযথভাবে কথা বলার সুযোগ দিতে হবে। সংসদকে সরকারদলীয় সংসদে পরিণত করার কোনো চেষ্টা দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা যদি দেশের মানুষের জন্য কাজ করেন, আমরা সহযোগিতা করব। আর যদি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যান, তাহলে জনগণের পক্ষে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই হবে।’
১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, বিএনপি সরকারের ছয় মাস পার হয়েছে। সরকার জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ কয়েকটি খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও এসব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষও ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সংকট এবং বিভিন্ন কলকারখানায় কর্মী ছাঁটাইয়ের কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে।
সারজিস আলম আরও বলেন, জনগণের দাবিগুলো তুলে ধরতে বিভাগীয় শহরগুলোতে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে। বিরোধী দল ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য।
তিনি দাবি করেন, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে মাঠপর্যায়ে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে এবং ধীরে ধীরে সরকার জনসমর্থন হারাচ্ছে।