ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উদ্যোগ নিয়েছে পৌরসভা। ফুটপাত ও সড়কের ওপর বসা ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা ও হকারদের জন্য নির্ধারিত স্থানে ৯৮টি বসার জায়গা তৈরি করা হয়েছে। একই স্থানে মোটরসাইকেল পার্কিং ও একটি টয়লেটের ব্যবস্থাও রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে সড়ক বাজারের যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। বিশেষ করে রেলস্টেশন, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের প্রধান সড়ক হওয়ায় যানজটের প্রভাব পড়ে পুরো পৌর এলাকায়। যানজটে আটকে ট্রেন মিস করা কিংবা দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকার ঘটনাও ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ।

পৌরসভা সূত্রে জানা গেছে, সড়ক বাজার আখাউড়া পৌর এলাকার প্রাণকেন্দ্র। রেলওয়ে স্টেশন ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যেতে এ সড়কটি ব্যবহার করেন স্থানীয়রা। কিন্তু ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানো, সড়কের ওপর যত্রতত্র মোটরসাইকেল রাখা এবং সিএনজিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত অবস্থানের কারণে সড়কটি প্রায়ই যানজটে অচল হয়ে পড়ে।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পৌরসভা ভ্রাম্যমাণ বিক্রেতাদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে পৌরসভা-সংলগ্ন একটি খালি জায়গায় তাদের বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে জায়গা উন্নয়ন, ঢালাই ও বসার স্থান তৈরিসহ বিভিন্ন কাজ করা হয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানভীর ইসলাম জানান, ভ্রাম্যমাণ বিক্রেতাদের জন্য ৯৮টি বসার স্থান তৈরি করা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেল পার্কিংয়ের জন্য জায়গা এবং একটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এসব কাজে প্রায় ৮ লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানান তিনি।

পৌরসভা সূত্রে আরও জানা গেছে, ইতিমধ্যে ভ্রাম্যমাণ হকারদের তালিকা করা হয়েছে। কে কোন স্থানে বসবেন, তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ লটারির মাধ্যমে স্থান বরাদ্দ দেবেন। এরপর নির্ধারিত স্থানগুলো ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

আখাউড়া পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ‘আখাউড়া পৌর এলাকার সড়ক বাজারের যানজট সমস্যা দীর্ঘদিনের। স্থায়ী সমাধানের চিন্তা থেকেই হকারদের বসার জন্য নির্ধারিত স্থান করে দেওয়া হচ্ছে। পাশাপাশি ওই স্থানের পাশে মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। জেলা প্রশাসক লটারির মাধ্যমে নির্ধারণ করবেন কে কোথায় বসবেন।’

তিনি আরও বলেন, ‘যেসব স্থান খালি হবে, সেখানে নতুন করে কাউকে বসার সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেউ নিয়ম ভেঙে বসলে এবং প্রয়োজনে তাকে বসার সুযোগ করে দেওয়া দোকানীকেও জরিমানার আওতায় আনা হবে। এ বিষয়ে আগে সবাইকে অবহিত করা হবে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে আমরা সবার সহযোগিতা চাই।’

নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের প্রত্যাশা, হকারদের নির্ধারিত স্থানে বসানো গেলে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হবে এবং আখাউড়া সড়ক বাজারের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে আসবে।