ব্রাহ্মণবাড়িয়ায় আল ইয়ানা ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে শহরের মেড্ডা বাসস্ট্যান্ডসংলগ্ন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। আল ইয়ানা ফাউন্ডেশনের সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণের এ উদ্যোগ প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত। একই সঙ্গে তারা আল ইয়ানা ফাউন্ডেশনের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

ফাউন্ডেশনের সভাপতি রাসেল আহমেদ বলেন, ‘গত দুই মাস ধরে আমরা প্রতি মাসে একদিন করে দুই শতাধিক ভাসমান, ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করছি। প্রতি মাসের শেষ শুক্রবার এ আয়োজন করা হয়।’

তিনি বলেন, ‘গরুর মাংস, সবজি ও ডাল দিয়ে তাদের খাবার পরিবেশন করা হচ্ছে। ভবিষ্যতে উপকারভোগীর সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।