ভোটারদের ভোগান্তি কমিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া এলাকায় নতুন ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন করা হলে এলাকার নারী, বয়স্ক ও সাধারণ ভোটারদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে গাইবান্ধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ব্লকের টেংরাকুড়াসহ সাত গ্রামের ভোটারদের প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে চরদাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে হতো। এতে বিশেষ করে বয়স্ক, নারী ও অসুস্থ ভোটারদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয়রা জানান, প্রায় এক দশক আগে ওই ভোটকেন্দ্রটি বিভক্ত করা হয়। এরপর ওয়ার্ডের শেষ সীমানায় অবস্থিত তেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কেন্দ্র করা হয়। সেখানে তেঘুরিয়া গ্রামের ৩৩৮ জন এবং টেংরাকুড়া ও পশ্চিমপাড়া গ্রামের ৭৭৯ জন ভোটার ভোট দিয়ে আসছেন।
তবে টেংরাকুড়া গ্রামের আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত অবকাঠামো ও যাতায়াতের সুযোগ থাকা সত্ত্বেও সেখানে ভোটকেন্দ্র স্থাপন করা হয়নি বলে দাবি এলাকাবাসীর। তাদের ভাষ্য, বর্তমানে তেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র থাকায় টেংরাকুড়ার ভোটারদের প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। রাস্তা ও পরিবেশের নানা সীমাবদ্ধতার কারণে ভোটের দিন তাদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়।
সরেজমিনে দেখা যায়, দশানী নদীবেষ্টিত গাইবান্ধা ইউনিয়নের টেংরাকুড়া গ্রামটি যোগাযোগের দিক থেকে এখনও অনেকটা পিছিয়ে রয়েছে। একসময় ভোট দিতে প্রায় ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে হলেও বর্তমানে দূরত্ব কমে প্রায় দুই কিলোমিটারে এসেছে। তারপরও বয়স্ক, অসুস্থ ও নারী ভোটারদের জন্য এই পথ পাড়ি দেওয়া কষ্টসাধ্য বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীর পক্ষে তানসেন মণ্ডল বলেন, ভোটকেন্দ্র দূরে হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই ভোট দিতে অনীহা প্রকাশ করেন। কেউ কেউ ভোট দিতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন। ভোটারদের দুর্ভোগ কমিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপনের দাবি জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ছানোয়ার হোসেন বলেন, ‘এটি আমাদের দীর্ঘদিনের দাবি। আমাদের এলাকায় প্রায় ৮০০ ভোটার রয়েছেন। নারী ও বয়স্কদের ভোট দিতে যেতে অনেক কষ্ট হয়। টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভোটকেন্দ্র স্থাপন করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।’
ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাফুজুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমরা এলাকা পরিদর্শন করেছি। জেলা কার্যালয়ে ইতিমধ্যে শুনানি হয়েছে। জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
এলাকাবাসীর প্রত্যাশা, ভোটার সংখ্যা, যোগাযোগব্যবস্থা ও জনদুর্ভোগ বিবেচনা করে তেঘুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি টেংরাকুড়া আবেদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হবে। এতে এলাকার ভোটাররা আরও সহজে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন বলে মনে করছেন তারা।