ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে পথশিশু ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চুর সহধর্মিণী শামীমা সুলতানা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গফরগাঁও রেলস্টেশন এলাকায় তিনি নিজ উদ্যোগে এ খাবার বিতরণ করেন।

জানা গেছে, গাড়িতে করে যাওয়ার সময় গফরগাঁও রেলস্টেশন এলাকায় একটি শিশুকে খাবারের আশায় মানুষের কাছে ঘুরতে দেখেন শামীমা সুলতানা। বিষয়টি তাঁর নজরে আসার পর স্টেশনে থাকা আরও পথশিশু ও অসহায় মানুষের খোঁজ নেন তিনি।

পরে স্টেশনে থাকা সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়দের জন্য খাবারের ব্যবস্থা করেন এবং নিজ হাতে তাদের মধ্যে খাবার বিতরণ করেন। খাবার পেয়ে শিশুদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়।

গফরগাঁও রেলস্টেশনে পথশিশু ও অসহায়দের পাশে শামীমা সুলতানা

স্থানীয়রা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত। বিশেষ করে পথশিশুদের প্রয়োজনের সময়ে খাবারের ব্যবস্থা করায় উদ্যোগটি প্রশংসনীয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শামীমা সুলতানা এর আগেও বিভিন্ন সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর এমন কার্যক্রম অব্যাহত থাকায় স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তার একটি ইতিবাচক বার্তা তৈরি হচ্ছে।

সচেতন মহলের মতে, সরকারি বা বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে তাদের দৈনন্দিন সংকট কিছুটা হলেও লাঘব হতে পারে।