ময়মনসিংহের নান্দাইলে গৃহহীন ও অসহায় পরিবারের জন্য নির্মিত ৩৬টি ‘স্বপ্নবাড়ি’ শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উদ্বোধন করবেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
উদ্বোধনকে ঘিরে নতুন ঘর পাওয়া পরিবারগুলোর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে স্থায়ী ঠিকানা পেয়ে আনন্দিত এসব পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উদ্যোগে এবং গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর)-এর আওতায় নান্দাইল উপজেলার ৩৬টি গৃহহীন পরিবারের জন্য এসব ‘স্বপ্নবাড়ি’ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি আরও ৯৮টি স্বপ্নবাড়ি নির্মাণাধীন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ও সৈয়দগাঁও গ্রামের পাঁচটি পরিবারের স্বপ্নবাড়ি উদ্বোধনের মাধ্যমে পর্যায়ক্রমে নির্মিত ৩৬টি ঘরের উদ্বোধন করা হবে।
নতুন ঘর পাওয়া সবজি বিক্রেতা সবুজ মিয়া বলেন, “মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আমাকে একটি ঘর দিয়েছেন। আমি আমার স্বপ্নের ঠিকানা পেয়েছি। এখন দুই সন্তান নিয়ে আরামে ঘরে থাকতে পারব। আল্লাহ তাঁকে আরও ক্ষমতা দিন, যেন তিনি গৃহহীনদের পাশে দাঁড়াতে পারেন।”
সৈয়দগাঁও গ্রামের বিধবা হামিদা খাতুন বলেন, “সন্তানদের নিয়ে ভাঙা ঘরে থাকতাম। মন্ত্রী আমাদের নতুন ঘর দিয়েছেন। এখন এই ঘরেই থাকব। তাঁর জন্য দোয়া করব, যেন তিনি মানুষের পাশে এভাবেই সহযোগিতা করতে পারেন।”
নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, গৃহহীনদের জন্য স্বপ্নবাড়ির উদ্যোগটি প্রশংসনীয়। তাঁর প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নতুন ঘর পাওয়া পরিবারগুলোর ভাষ্য, একটি নিরাপদ ও স্থায়ী আবাসন তাঁদের জীবনযাত্রায় স্বস্তি ও নিরাপত্তা এনে দিয়েছে। তাঁরা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।