সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারসংলগ্ন মানাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যনওদাপাড়া এলাকার বন বিভাগকর্মী নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পিকলুসহ রাজশাহী থেকে আসা ১০ জনের একটি পর্যটক দল মধ্যনগর উপজেলা থেকে নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেয়। পথে সকাল আনুমানিক ১০টার দিকে লামাগাঁও বাজারসংলগ্ন মানাই নদীতে নৌকাটি নোঙর করা হয়।
এ সময় দলের কয়েকজন বাজারে কেনাকাটা করতে যান। অন্য কয়েকজন নৌকা থেকে নদীতে নেমে গোসল করছিলেন। একপর্যায়ে পিকলু নৌকা থেকে নদীতে লাফ দিয়ে নামার পর আর ভেসে ওঠেননি।
বিষয়টি বুঝতে পেরে তাঁর বন্ধুরা ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ বলেন, পর্যটকেরা টাঙ্গুয়ার হাওরে পৌঁছানোর আগেই এ দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি নৌকাসহ তাহিরপুর থানায় নেওয়া হচ্ছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে পর্যটন মৌসুমে টাঙ্গুয়ার হাওর ও আশপাশের নদী-জলাশয়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম রাখা, লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ স্থানে গোসলের বিষয়ে সতর্কতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।