ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর-৪ আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. কামরুল হাসান মিলন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এ কে এম মাহবুবুল আলম, সদস্য এনামুল হক আকন্দ লিটন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল আমিনসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুর রহমান।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার ওপরও গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে ময়মনসিংহের বিভিন্ন এলাকার ফুটবল প্রতিভাদের নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে বলে আয়োজকরা জানান। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।