জামালপুরের দেওয়ানগঞ্জে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে পৌর শহরের কালীতলা এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা দেওয়ানগঞ্জ পৌর শহরের চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশের ভাষ্য, চলতি বছরের জুন মাসে দেওয়ানগঞ্জ পৌর শহরের বাদেশহরিয়া এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানার জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
তবে মামলায় সোহেল রানার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাঁর বা তাঁর পরিবারের কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।