নেপালের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ দুর্যোগে এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৫০০ জন। তাঁদের মধ্যে সাড়ে চার শতাধিক বিদেশি নাগরিক রয়েছেন।
নিখোঁজদের মধ্যে ১৩৩ জন ভারতীয় নাগরিক ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়াসহ অন্তত ২৮ দেশের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে তিব্বত সীমান্তবর্তী বাগমতি প্রদেশের পার্বত্য এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর পরপরই একাধিক তুষারধস ও ভূমিধসের ঘটনা ঘটে। পরে ভয়াবহ পাহাড়ি ঢল আঘাত হানে মধ্যাঞ্চলীয় রাসুয়া এলাকায়।
প্রবল স্রোতে মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়। ভেসে যায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে।
দুর্যোগের সময় রাসুয়া এলাকায় মানস সরোবরগামী শত শত তীর্থযাত্রী ও পর্যটক অবস্থান করছিলেন। ফলে নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্য।
পরিস্থিতি মোকাবিলায় এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন।
ভয়াবহ এই আকস্মিক বন্যা ও ভূমিধসের প্রভাব নেপালের সীমান্তের অপর পাশের চীনের তিব্বত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
