পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সুনামগঞ্জে ঐতিহ্যবাহী জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামের শান্তি, সম্প্রীতি ও মানবিকতার আদর্শ অনুসরণের পাশাপাশি উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদ পরিহারের আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি বাংলাদেশ, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ জসনে জুলুছ অনুষ্ঠিত হয়।

জসনে জুলুছটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্বারী মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। মহান আল্লাহ তায়ালা হজরত মুহাম্মদ (সা.)-কে সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। মহানবী (সা.) তাঁর আদর্শ ও উত্তম চরিত্রের মাধ্যমে মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে সত্য, ন্যায় ও আলোর পথে পরিচালিত করেছেন।

তিনি বলেন, ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। শান্তিপূর্ণ ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়ে তুলতে সমাজ থেকে উগ্রতা, হিংসা ও বিদ্বেষ পরিহার করতে হবে। মহানবী (সা.)-এর ক্ষমা, সহনশীলতা, মানবিকতা ও শান্তির আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।

রাজাপুরা দরবার শরীফের পীর আরও বলেন, কোরআন-সুন্নাহর শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ আত্মনির্ভরশীল জাতি গড়ে তুলতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণময় সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুর রইছ, হোসাইনীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা সিরাজুল ইসলাম খায়ের, হোসাইনীয়া যুব কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি কে এম শামীম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি কে এম নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল হক, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, জেলা যুবদল নেতা হুমায়ুন কবির, মো. শাহজালাল, মাওলানা আশরাফুল ইসলাম রাজাপুরী, যুবনেতা মো. রাকীব উদ্দিন, হোসাইনীয়া কমিটি নেতা মো. বোরহান আহমদ, সাংবাদিক বজলুর রহমান, মাওলানা কাজী দেলোয়ার হোসাইন, আব্দুল মবিন মুহুরী, মো. রোকন উদ্দিন মুহুরী, ডা. সাইদুর রহমান এবং হোসাইনীয়া সাংস্কৃতিক ফোরামের সদস্য মাওলানা গাজী কাউসার আহমদ ও শরিফ শিকদারসহ অনেকে।

অনুষ্ঠানে হোসাইনীয়া কমিটি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।