সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও কলাইয়া এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধারের দাবি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. ইছাক আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে নোয়াগাঁও কলাইয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে ডিএনসি সুনামগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল।
গ্রেপ্তার ইছাক আলী নোয়াগাঁও কলাইয়া গ্রামের মৃত দিদার মিয়ার ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানকালে ইছাক আলীর দখলে থাকা বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে দাবি করেছে সংস্থাটি। পরে উদ্ধার করা গাঁজা জব্দ করে ইছাক আলীকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা করেছেন।
ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক ১৯(ক) অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন।