জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি নামাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভোগী বয়েজ উদ্দিন, বুলাল হোসেন ও তাঁদের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে বয়েজ উদ্দিনের ছেলে আলম মিয়া লিখিত বক্তব্যে বলেন, প্রতিবেশী তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন ও বিলুনী বেগমসহ কয়েকজনের সঙ্গে তাঁর বাবা বয়েজ উদ্দিন ও চাচা বুলাল হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
আলম মিয়ার অভিযোগ, ওই বিরোধের জেরে গত ৬ আগস্ট সকালে তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন, আইকুল, জিদ্দি বেগম, বিলুনী বেগমসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে তাঁদের বসতভিটা ও জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তাঁরা বসতভিটার টিউবওয়েল ও ল্যাট্রিন ভাঙচুর করেন এবং বাঁশের বেড়া দিয়ে জায়গাটি ঘিরে দেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ঘটনার পর তিনি আদালতে এজাহার দায়ের করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হন এবং তাঁদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। এতে তাঁর ও তাঁর চাচার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেন তিনি।
আলম মিয়ার ভাষ্য, টিউবওয়েল ব্যবহার করতে না পারায় তাঁদের পরিবারকে পানির সংকটে পড়তে হয়েছে। একই সঙ্গে ল্যাট্রিন ব্যবহারের সুযোগ সীমিত হওয়ায় পয়োনিষ্কাশন নিয়েও দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারটি বসতভিটা দখলের চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।