আজ বুধবার, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। বিশ্বের মুসলমানদের কাছে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হচ্ছে। প্রসিদ্ধ মত অনুযায়ী, এ দিনেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন এবং একই তারিখে ইন্তেকাল করেন।

মহানবী (সা.)-এর আগমন মানবজাতির জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ হিসেবে বিবেচিত। তাঁর প্রচার, সংগ্রাম ও আদর্শে আরবের অন্ধকারাচ্ছন্ন ‘জাহেলি’ সমাজে ন্যায়, মানবিকতা, জ্ঞান ও নৈতিকতার নতুন দিগন্ত উন্মোচিত হয়।

প্রচলিত ইতিহাস অনুযায়ী, মহানবী (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। জন্মের আগেই তিনি পিতাকে হারান। শৈশবে মা ও দাদার মৃত্যুর পর চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন। ৪০ বছর বয়সে ৬১০ খ্রিস্টাব্দে তিনি নবুয়ত লাভ করেন। এরপর প্রায় ২৩ বছর আল্লাহর বাণী প্রচার ও মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন।

তাঁর জীবন ও শিক্ষা মুসলমানদের জন্য নৈতিকতা, ন্যায়বিচার, সহনশীলতা, জ্ঞানচর্চা ও মানবিকতার আদর্শ হয়ে আছে। মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেওয়া হয়েছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি রয়েছে। দিনটি ঘিরে দেশের বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে মহানবী (সা.)-এর জীবন, চরিত্র, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদান তুলে ধরা হচ্ছে।

রাষ্ট্রপতির বাণী

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানান।

হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে সাম্য, সম্প্রীতি ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেছেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

দিনটি উপলক্ষে মুসলমানরা মহানবী (সা.)-এর জীবন ও সুন্নাহ অনুসরণের পাশাপাশি তাঁর শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করছেন।