পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি নার্সারিতে এ আগুন লাগে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় নার্সারিতে ১৬ নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নার্সারির ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন নেভানোর পরও ঘটনাস্থলে তাপমাত্রা কমানো ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পানি ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম চালানো হয়। অগ্নিকাণ্ডের কারণ ও হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত তদন্তের বিষয়টি এখন সামনে এসেছে।