নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় চলাকালে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করেছে নাইম হোসেন (২৩) নামের এক বখাটে যুবক।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার আগ মুহূর্তে নাইম হোসেন শ্রেণিকক্ষে প্রবেশ করে ওই ছাত্রীকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সহপাঠীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে শিক্ষকরা বিষয়টি জানতে পারেন। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারসহ অন্যান্য শিক্ষক এগিয়ে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। সে উপজেলার ওয়ালিয়া পূর্বপাড়া গ্রামের খাকচার হোসেনের ছেলে।
ভুক্তভোগী ছাত্রী জানায়, দীর্ঘদিন ধরে নাইম হোসেন তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার পর সে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানায়।
ছাত্রীর পরিবারের অভিযোগ, বিদ্যালয় প্রাঙ্গণে এমন ঘটনা ঘটায় তাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন, বিদ্যালয়েই যদি নিরাপত্তা না থাকে, তবে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?
তবে অভিযুক্ত নাইম হোসেন পলাতক থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সাত্তার বলেন, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্তকে আটকানোর চেষ্টা করি, তবে সে পালিয়ে যায়। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করব।”
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।